
আদালত প্রতিবেদক: মুসলিম পারিবারিক আইনের ৬(৫) ধারায় করা সি আর মামলায় (নং- ১৮৩/১৯) অভিযুক্ত পুলিশ পরিদর্শক (টিআই) মো. আবু নকীবকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, বাদীনী এড.জাসমীন আহমেদের করা এই মামলায় বিচারিক আদালত এক মাসের কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা (অনাদায়ে আরও ৫ দিন কারাদণ্ড) বহাল রেখে রায় দেন এবং এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে ১৩/০৯/২৬ নির্দেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৬ষ্ঠ নারায়ণগঞ্জ।
এরই ধারাবাহিকতায়, ৩/১১/২৬ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো:তানজিদের ৪র্থ আদালতে অভিযুক্ত আসামি মো. আবু নকীব আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে সশ্রম কারাদণ্ডে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বাদীনীর বিনা অনুমতিতে আসামি পুলিশ পরিদর্শক আবু নকীব আরও তিনটি বিয়ে করেন। পরবর্তীতে তিনি বাদীনীকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করেন, যার ফলে বাধ্য হয়ে বাদীনী এই মামলা দায়ের করেন।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার মহা পুলিশ পরিদর্শকের নির্দেশক্রমে আসামির বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং- ৪৩/২০২০, তারিখ: ২৮/০৭/২০২০) রুজু করা হয়। উক্ত বিভাগীয় মামলায় বাদীনীর আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় লঘু দণ্ড হিসেবে তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয় এবং তার বেতনের ইনক্রিমেন্টের টাকা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ডিআইজি কার্যালয়, সিলেট রেঞ্জে সংযুক্ত আছেন।
উল্লেখ্য, এর আগে আসামি নৌ পুলিশের কার্যালয়, মিরপুর-১, ঢাকাতে কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা চলমান রয়েছে।